ভৈরবে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষের নেপথ্যে একটি ‘সাইনবোর্ড’
একটি সাইনবোর্ড। সবুজ পটভূমিতে সাদা অক্ষরে লেখা— ‘আকবরনগর বাজার। উল্টো পথে আর নয়, নিয়মনীতির হবে জয়।’ ২০২৩ সালের জুলাইয়ে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বসানো সচেতনতামূলক সাইনবোর্ডটিই এখন দুই গ্রামের রক্তক্ষয়ী বিরোধের প্রতীক।
সাইনবোর্ডে শুধু ‘আকবরনগর বাজার’ লেখাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধে গত সোমবার আবারও সংঘর্ষ হয়েছে। এতে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর গ্রামের মাসুদ ও হিরণ নামে দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২৫ জন। সংঘর্ষে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি কয়েক ঘণ্টা বন্ধ ছিল ভৈরব-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল। আতঙ্কে ঘর ছেড়েছেন অনেক মানুষ।